মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চেম্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আড়ম্বরপূর্ণ পরিবেশে শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শহিদুল ইসলাম। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান চেম্বারের সাবেক সভাপতি মাকসুদুল হক রিংকু। শপথ পাঠ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কাজী শহিদুল ইসলাম নবনির্বাচিত পর্ষদকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন অতীতের তুলনায় অধিক সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধ থেকে রাজশাহীর উন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী সিটি করপোরেশন-এর প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কোনো পদে অধিষ্ঠিত হওয়াই বড় বিষয় নয়, বরং সেই পদের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য পরিকল্পিত কর্মপন্থা নির্ধারণ জরুরি। তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য ধৈর্য ও সময়ের প্রয়োজন। রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে তিনি সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান।
উত্তরকোণ
রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

