মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর আর্থিক সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রস্তাবিত নতুন উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বিএমডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান। এছাড়া বিএমডিএফ-এর প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার মানোন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, বিএমডিএফ-এর আর্থিক সহায়তায় প্রস্তাবিত নতুন প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও উন্নত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া বিএমডিএফ-এর পক্ষে ইঞ্জিনিয়ার (ইনফ্রাস্ট্রাকচার) তানভীর হোসেন, ফিনান্সিয়াল অ্যানালিস্ট কাম কন্ট্রোলার মো. ইনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রস্তাবিত প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন বিএমডিএফ-এর আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আহমদ জামান তারিক। তিনি প্রকল্পের সম্ভাব্যতা, বাস্তবায়ন কৌশল ও প্রত্যাশিত সুফল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে রাজশাহী নগরীর অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং টেকসই নগরায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উত্তরকোণ
বিএমডিএফ অর্থায়নে রাসিকের নতুন প্রকল্প, যাচাই-বাছাই শুরু

