মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম বলেন, চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। তিনি এসব ঘটনার পেছনে ‘গুপ্ত রাজনীতি’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আপত্তিকর কনটেন্টকে দায়ী করেন। তিনি দাবি করেন, গত দুই বছর ধরে ছাত্রদল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাদের কর্মসূচি পরিচালনা করে আসছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনটির পক্ষ থেকে নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাকিবুল ইসলাম অভিযোগ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তার ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুহূর্তে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশ অস্থিতিশীল করছেন। তিনি আরও বলেন, ছাত্রদল কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয় বা স্থানীয় ইউনিটেই সীমাবদ্ধ নয়; সংগঠনটির সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নেতাকর্মীরা গড়ে উঠেছেন বলেও উল্লেখ করেন তিনি। পোস্টে রাকিবুল ইসলাম সালাউদ্দিন আম্মারকে শালীন ও গণতান্ত্রিক ভাষায় সমালোচনা করার আহ্বান জানান। পাশাপাশি ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উত্তরকোণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উসকানিমূলক বক্তব্য’ না দেওয়ার সতর্কবার্তা, শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার দাবি

