উত্তরকোণ

তানোর সিমান্তে পাকা রাস্তা নষ্টÑদুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

তানোর সিমান্তে পাকা রাস্তা নষ্টÑদুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বিদিলপুর মৌজায় প্রকাশ্যে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে খড়িবাড়ি-রাজবাড়ি সরকারি পাকা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক গ্রামের মানুষের চলাচল দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা জানায়, পুকুর খননের মাটি পরিবহণের সময় রাস্তায় কাঁদা জমে পাকা সড়কটি কার্যত অচল হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে উঠেছে। সম্প্রতি বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দিবালোকে রাস্তা ব্যবহার করে খননকৃত কাদামাটি পরিবহণ করা হচ্ছে। কোথাও কোথাও রাস্তায় পাহারা বসিয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে। রাস্তায় জমে থাকা কাঁদা পরিষ্কার করতে গিয়ে খোয়া-পাথর উঠে গিয়ে সড়কের ক্ষতি আরও বাড়ছে। স্থানীয় বাসিন্দা জুয়েল ও আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন দুর্ভোগ বাড়ছে। গ্রামের বয়োজ্যেষ্ঠদের মতে, বর্ষা মৌসুমে এ ধরনের পুকুর খনন ও মাটি পরিবহণ অনুচিত। এতে রাস্তার বিভিন্ন স্থানে দেবে গেছে, সামান্য বৃষ্টিতেই চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রভাবশালী পুকুর মালিক ও ভেকু (স্কেভেটর) দালালদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে অভিযুক্ত এক ভেকু দালাল বলেন, সবাইকে ম্যানেজ করেই মাটি কাটা হচ্ছে। এসব নিয়ে পত্রিকায় খবর প্রকাশ করে কোনো লাভ নেই। এ ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার: