মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য ও তার ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। পাল্টা অভিযোগে ইন্টার্ন চিকিৎসকরা দাবি করেছেন, তারাই স্বজনদের মব হামলার শিকার হয়েছেন। ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
মারধরের শিকার সেনাসদস্য ল্যান্স কর্পোরাল সোহেল আলী (২৯) ও তার ভাই জয় আলী (২৪), তারা রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের বাসিন্দা। তাদের মা জুলিয়ারা বেগম (৫০) অসুস্থ হয়ে রোববার হাসপাতালে ভর্তি হন এবং সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই জুলিয়ারা বেগমের মৃত্যু হয়েছে। এ নিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সোহেল আলী ও তার ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল আলী মোবাইলে ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এসে দুই ভাইকে মারধর করেন। মারধরের ঘটনায় সোহেল আলীর মুখে আঘাত লাগে এবং তাকে কয়েক ঘণ্টা একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ ডেকে দুই ভাইকে তাদের কাছে সোপর্দ করা হয়। ঘটনার পর মঙ্গলবার ভোরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার এস এম মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল আলী ও জয় আলীসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, তারা চিকিৎসকদের সরকারি কাজে বাধা দেন এবং আক্রমণাত্মক আচরণ ও হুমকি প্রদান করেন।
এ ব্যপারে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি),মোঃ আবুল কালাম আজাদ জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়ের করা মামলায় জয় আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে সেনাসদস্য সোহেল আলীকে সামরিক আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, গত দুই দিন ধরে তারা রোগীর স্বজনদের হাতে হেনস্তা ও মব হামলার শিকার হচ্ছেন। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে ইন্টার্ন ডক্টরস সোসাইটি ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয়। একইসঙ্গে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ওয়ার্ডগুলোতে ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।#
উত্তরকোণ
রামেকে সেনাসদস্যসহ দুই ভাইকে মারধরের অভিযোগ, ইন্টার্নদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

