মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রভাবশালী সিন্ডিকেট ভেঙে সংশ্লিষ্টদের অপসারণ, বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। একই দাবিতে মানববন্ধনও করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক, রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসক এবং রামেক হাসপাতালের পরিচালকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, প্রায় ১৭ বছর ধরে হাসপাতালকেন্দ্রিক একটি চক্র টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, গ্যারেজ ও অ্যাম্বুলেন্স/মাইক্রোবাস পরিচালনায় অনিয়ম এবং সরকারি ওষুধ বাণিজ্যসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত। এর ফলে সাধারণ ঠিকাদাররা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না এবং রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। এর আগে গত (১৩ এপ্রিল) মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বাসী ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা একই অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রোগী ও চাকরিপ্রত্যাশীদের জিম্মি করে রেখেছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুল হাছিব, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ আবু তালেব এবং পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) এস.এম. রাশিদুল সালেকিন (সুমন)-এর নেতৃত্বে এই সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের দাবি, চক্রটি বর্তমান সরকারকে বিব্রত করতে এবং স্বাস্থ্যসেবা খাতে অস্থিরতা তৈরি করতে সক্রিয় রয়েছে। বক্তারা আরও বলেন, সম্প্রতি শিশু মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনা হলেও সংশ্লিষ্ট চক্র হাসপাতালের সুনাম রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং বর্তমান পরিচালকের কাজে অসহযোগিতা করছে। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পিএ সুমনের নেতৃত্বে ওয়ার্ড মাস্টার ও কয়েকজন কর্মচারীসহ ১৫-২০ জনের একটি গ্রুপ দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে কোয়ার্টার ব্যবহারে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ থাকলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, রামেক সংশ্লিষ্ট বক্তব্য জানতে হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গে সরাসরি যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। স্মারকলিপিতে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
উত্তরকোণ
রামেক হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান

