মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ জন রোগী হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, গত এক দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৫২ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৬ জনের। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, সময়মতো টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
উত্তরকোণ
রাজশাহীতে হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন ভর্তি ২৩

