মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন রোগী। নতুন রোগী ভর্তির চাপ ক্রমাগত বাড়ায় শিশু ওয়ার্ডে সংকট তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪২ জনের, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হলে জটিলতা কমানো সম্ভব। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উত্তরকোণ
রামেকে হামের প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

