স্টাফ রিপোটার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অ্যধাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। তিনি ৬ এপ্রিল সোমবার বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে উপনির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এছাড়া তিনি সোমবার বিকাল ৫ টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আসন্ন বগুড়া-৬ উপ নির্বাচনে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অ্যধাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অসৎ লোকের হাতে ক্ষমতা গেলে দেশের উন্নয়ন হয়না। এজন্য দরকার চরিত্রবান সৎ নেতৃত্ব। এগুলো সবই আবিদুর রহমান সোহেলের মাঝে আছে। তাই আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় বিএনপি স্বাক্ষর করেছে। যে অধ্যাদেশ দিয়ে নির্বাচন হয়েছে, সে অধ্যাদেশ দিয়ে গণভোটও হয়েছে। সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রকারান্তরে তা থেকে তারা সরে আসছে। বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে এখন জুলাই সনদের বিপরীতে চলছে। নির্বাচন মানলে গণভোটও মানতে হবে, আর গণভোট মানলে সংবিধান সংস্কার মানতে হবে। জনগণ আজ বিক্ষুব্ধ। জনগণ রাস্তায় নেমে আসার উপক্রম হয়েছে। আমরা সংসদে ও সংসদের বাইরে জনগণকে সঙ্গে নিয়ে যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ। সেক্রেটারি জেনারেল বলেন, দেশের মানুষের সাথে প্রতারনা করে অতীতে কেউ সুবিধা করতে পারেনি। শেখ হাসিনা যেমন মানুষের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, সেভাবে বিএনপিও সকল সরকারি প্রতিষ্ঠানে নিজেদের খবরদারি প্রতিষ্ঠার জন্য গণভোট, গুম কমিশন সংস্কারসহ জুলাই সনদের গুরুত্বপূর্ণ আদেশগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে। জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে সরকারের এসকল গণবিরোধী উদ্যোগের প্রতিবাদ করছে, একই সাথে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। তিনি আসন্ন উপনির্বাচনে বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াতসহ ১১ দল মনোনীত প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, এনসিপির মূখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারী শক্তি সদস্য সচিব ও এনসিপির যুগ্ম মূখ্য সংগঠন, দক্ষিণাঞ্চল ডা: মাহমুদা আলম মিতু ও বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার। গণসমাবেশে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, এনসিপির জেলা সভাপতি এস এ মাহমুদ, জামায়াত নেতা রফিকুল আলম, আল-আমিন, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, ইকবাল হোসেন, হেদাইতুল ইসলাম প্রমূখ।
উত্তরকোণ
বগুড়ায় উপ-নির্বাচনী গণসমাবেশে মিয়া গোলাম পরওয়ার: ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান

