মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, নির্ধারিত ৯০ দিনের কর্মসূচির আওতায় এসব উন্নয়ন কাজ সময়মতো সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি রাজশাহীকে আরও সুন্দর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা ও আইন অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান, যা জনগণের কাছে দায়বদ্ধ। দলমত নির্বিশেষে সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রেখে অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর নির্দেশনা দেন। সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বিস্তারিত উপস্থাপন করেন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উত্তরকোণ
রাজশাহীকে নতুনভাবে সাজাতে ৯০ দিনের মধ্যে উন্নয়ন কাজ শেষের নির্দেশ রাসিক প্রশাসকের

