উত্তরকোণ

পানিসংকট মোকাবেলায় ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর জোর; বড়ালসহ নদী পুনখননের দাবি

পানিসংকট মোকাবেলায় ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর জোর; বড়ালসহ নদী পুনখননের দাবি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষায় দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণসহ একাধিক দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি। বুধবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামছে, যা নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের জন্য ভয়াবহ পরিবেশগত ও মানবিক সংকট তৈরি করছে। অনেক এলাকায় নারীসহ সাধারণ মানুষকে প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে।
সমাবেশ থেকে পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত এবং পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একইসঙ্গে নদীকেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, গত এক দশকে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও কার্যকর সুফল পাওয়া যায়নি। তারা বলেন, নির্বাচনের আগে রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণের অঙ্গীকার করেছিলেন, যার সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন দ্রুত বাস্তবায়নই সময়ের দাবি। সমাবেশে আরও বলা হয়, সম্প্রতি সরকার ৩ হাজার ৫৯৩টি মৌজাকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণা করলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রয়োগ দেখা যাচ্ছে না। ভূগর্ভস্থ পানি উত্তোলনে বিধিনিষেধ ও নতুন নলকূপ স্থাপনে সীমাবদ্ধতা আরোপ করা হলেও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। বক্তারা ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে এলেও নতুন চুক্তি নিয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার জন্য কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়। এছাড়া রাজশাহী ও নাটোরের ওপর দিয়ে প্রবাহিত বড়াল নদীর উৎস থেকে পাবনার আটঘরিয়া পর্যন্ত প্রায় ৪৬.৬ কিলোমিটার খনন কাজ সম্পন্ন এবং হোজা, বারনই ও বড়ালসহ অঞ্চলের নদী-খাল-বিল দখলমুক্ত ও দূষণমুক্ত করার দাবি জানানো হয়। বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

শেয়ার: