উত্তরকোণ

রাজশাহী মেডিকেলে সেবার মান নিয়ে উদ্বেগ, নানা অনিয়মের অভিযোগ

রাজশাহী মেডিকেলে সেবার মান নিয়ে উদ্বেগ, নানা অনিয়মের অভিযোগ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল-এ সেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম-এর দায়িত্বকালেই চিকিৎসা সেবায় অনিয়ম, ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ সামনে আসছে বলে জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের আউটডোর বিভাগে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে এলেও অভিযোগ রয়েছে, চিকিৎসকরা অনেক ক্ষেত্রে মাত্র ১-২ মিনিট সময় দিয়ে তড়িঘড়ি প্রেসক্রিপশন দিচ্ছেন। এতে রোগীরা সঠিকভাবে সমস্যার কথা জানাতে পারছেন না এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে দাবি সংশ্লিষ্টদের। এদিকে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এই চক্র বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নামে রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবাতেও সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে, যার ফলে রোগীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। লাশ পরিবহন ও সংশ্লিষ্ট কার্যক্রম ঘিরেও অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এমনকি কিছু সরকারি সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও রোগীদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী। রক্ত সরবরাহ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। অভিযোগ রয়েছে, রক্ত দেওয়ার ব্যাগ পেতে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যা নিয়মবহির্ভূত বলে দাবি তাদের।
সবচেয়ে উদ্বেগজনক হিসেবে উঠে এসেছে আইসিইউ সংকট। প্রয়োজনীয় সংখ্যক আইসিইউ সুবিধা না থাকায় শিশু রোগীদের মৃত্যুর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম এর মুঠোফোনেফোন দিলে তিনিফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে সচেতন মহল বলছে, অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একইসঙ্গে সাধারণ মানুষকেও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার: