মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী ললিত নগর গ্রামে ভেজাল ও নিম্নমানের কীটনাশক প্রয়োগে প্রায় ৭ বিঘা জমির পেঁয়াজখেত নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিপূরণ, অভিযুক্ত ব্যবসায়ীর লাইসেন্স বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানিয়েছেন, এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর অনুলিপিও জমা দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে গড়িমসি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকড়ি ইউনিয়নের ললিত নগর গ্রামের নারী কৃষক শাবানা বেগম এনজিও থেকে ঋণ নিয়ে ৩ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। ভালো ফলনের আশায় তিনি আগাছা দমনের জন্য ইয়াজপুর এলাকার মেসার্স জান্নাত ট্রেডার্সের স্বত্বাধিকারী মাইনুল ইসলামের পরামর্শে লার্ক ইন্টারন্যাশনাল কোম্পানির টিএস-প্লাস কীটনাশক ব্যবহার করেন। তবে প্রয়োগের কয়েকদিনের মধ্যেই পেঁয়াজ গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। শুধু শাবানা বেগমই নন, একই গ্রামের আরও কয়েকজন কৃষক ওই ব্যবসায়ীর পরামর্শে একই কীটনাশক ব্যবহার করে ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। কৃষকদের দাবি, ভেজাল ও নিম্নমানের কৃষি উপকরণ বিক্রির কারণেই তাদের এই ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক শাবানা বেগম বলেন, দোকানদারের পরামর্শে ওষুধ কিনে প্রয়োগ করার পরই আমার পেঁয়াজখেতের গাছ মরে যায়। এতে আমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছি। স্থানীয় সচেতন মহল দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে মেসার্স জান্নাত ট্রেডার্সের স্বত্বাধিকারী মাইনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকের ভুলের কারণে পেঁয়াজখেত নষ্ট হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলোচনা করে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, ক্ষতির পরিমাণ অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরকোণ
কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ

