মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বর্ষা মৌসুমকে সামনে রেখে মহানগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ লক্ষ্যে ১১ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী এলাকায় ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু হয়েছে। রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন পরিচ্ছন্ন বিভাগকে মহানগরীর ছোট-বড় সব ড্রেনের কাদামাটি দ্রুত অপসারণের নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশে শনিবার থেকে হরিজন পল্লী এলাকায় এ কার্যক্রম শুরু হয়। রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, বর্তমানে ওই এলাকায় ২২ জন শ্রমিক ড্রেন পরিষ্কারের কাজে নিয়োজিত রয়েছেন। কয়েক দিনের মধ্যেই এ ড্রেনের কাদামাটি অপসারণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, এরই মধ্যে রাজারহাটা থেকে কাদিরগঞ্জ গোরস্থান হয়ে বর্ণালীর পেছনের প্রশস্ত ড্রেনের কাদামাটি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে মহানগরীর অন্যান্য ড্রেনেও একই কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্টরা জানান, নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং জলাবদ্ধতা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগের সকল পর্যায়ের কর্মীদের সমন্বয়ে কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উত্তরকোণ
বর্ষার আগে ড্রেন পরিষ্কারে জোর, রাজশাহীতে হরিজন পল্লীতে কাদামাটি অপসারণ শুরু

