উত্তরকোণ

ঈদে রাজশাহীতে প্রথমবার ট্রেন যাত্রী সহায়তা সেবা, ৯ দিনের কার্যক্রমে প্রশংসা

ঈদে রাজশাহীতে প্রথমবার ট্রেন যাত্রী সহায়তা সেবা, ৯ দিনের কার্যক্রমে প্রশংসা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো ট্রেন যাত্রীদের জন্য সহায়তা কার্যক্রম চালু করে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ৯ দিনব্যাপী এই ব্যতিক্রমী সেবা কার্যক্রম ২৮ মার্চ শেষ হয়েছে, যা যাত্রীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রাসিক সূত্রে জানা গেছে, ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো ও কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধার্থে ২০ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা তিনটি শিফটে মোট ৩৬ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। এই কর্মীরা স্টেশনে আগত যাত্রীদের লাগেজ ও আসবাবপত্র বহনে সহায়তা করার পাশাপাশি হয়রানি প্রতিরোধ এবং সার্বিক যাত্রীসেবায় নিয়োজিত ছিলেন। রেলওয়ে কর্মীদের সঙ্গে সমন্বয় করে তারা নিরবচ্ছিন্নভাবে এই সেবা প্রদান করেন। যাত্রীদের অভিজ্ঞতায় উঠে এসেছে সন্তুষ্টির চিত্র। ঢাকাগামী যাত্রী মোঃ আলমগীর হোসেন বলেন, পরিবার নিয়ে ফিরতে গিয়ে অতিরিক্ত লাগেজ সামলাতে সমস্যায় পড়েছিলেন তিনি। এ সময় রাসিকের কর্মীরা এগিয়ে এসে লাগেজ ট্রেনে তুলে দিয়ে বড় ধরনের সহায়তা করেছেন। বেসরকারি চাকরিজীবী সুমি খাতুন বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশনে বিনামূল্যে এমন সহায়তা কার্যক্রম প্রশংসার দাবিদার এবং ভবিষ্যতেও এটি চালু থাকা উচিত। আরেক যাত্রী সাইফুল ইসলাম জানান, সেবা গ্রহণের পর তিনি কর্মীদের পারিশ্রমিক দিতে চাইলে তারা তা গ্রহণ করেননি এবং জানান, প্রশাসকের নির্দেশে বিনামূল্যে এই সেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং সিটি কর্পোরেশনও জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি জানান, পরীক্ষামূলকভাবে এ বছর এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতে লাইসেন্সধারী কুলি-শ্রমিকদের সঙ্গে কোনো বিরোধ তৈরি হয় কিনা এবং জনসাধারণের চাহিদার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই উদ্যোগকে নগরবাসীর জন্য একটি ইতিবাচক ও ব্যতিক্রমী সেবা হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার: