মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতা করা হবে। শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। রাসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দেশের মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে সার্বিক সহায়তার আশ্বাস দেন। সাক্ষাৎকালে মসজিদ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন হায়দার, সহ-সভাপতি রিয়াজ আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
রাজশাহীতে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তার আশ্বাস রাসিক প্রশাসকের

