সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের ড্রোন। হামলার পর স্থাপনায় আগুন লেগে যায়। যদিও অল্প সময় পরেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ রয়েছে। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সৌদি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। ইরানি ড্রোন হামলার পর সৌদি আরবের বৃহৎ তেল কোম্পানি আরামকো তাদের রাস তানুরা তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ রেখেছে।সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। তবে আরামকো এ হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানান, দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ধ্বংসাবশেষ থেকে সীমিত পরিমাণে আগুন লেগেছে। এতে কোনো হতাহত হয়নি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী তেল বাজারে সৃষ্ট অস্থিরতার মাঝেই এ আক্রমণটি করা হলো। ইরানে ক্রমবর্ধমান হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সূত্র: রয়টার্স, আলজাজিরা
উত্তরকোণ
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের হামলা

