মহাস্থান (বগুড়া) থেকে, শমসের নূর খোকনঃ সোমবার সকাল ১০টায় মহাস্থান ত্রি-মহিনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মহাস্থান বন্দর শাখার গ্রাহক ফোরাম এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ব্যাংকের বিভিন্ন শাখায় যেসব অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠেছে, তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারা দাবি করেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও দক্ষতা ফিরিয়ে আনতে প্রশাসনিক সংস্কার জরুরি। বক্তারা আরও বলেন, দেশের আর্থিক খাতে সাধারণ গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে হলে দায়িত্বশীল ও যোগ্য কর্মকর্তাদের নেতৃত্বে ব্যাংক পরিচালনা করতে হবে। তবে মানববন্ধনে অংশ না নেওয়া স্থানীয় কিছু ব্যবসায়ী বলেন, ব্যাংকের সব কর্মকর্তা বা নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বিরুদ্ধে এককভাবে অভিযোগ করা সঠিক নয়। বরং যারা প্রকৃতভাবে অনিয়মের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করেই ব্যবস্থা নেওয়া উচিত। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস। তার দায়িত্ব গ্রহণের পর দেশব্যাপী বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নাগরিক উদ্যোগের পক্ষ থেকে সেমিনার, সভা-সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হচ্ছে। তবে এসব কর্মসূচির কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে।

