উত্তরকোণ

পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব- রিপন

পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব- রিপন

সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধিঃ বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন বলেছেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। এটি এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসব প্রতিটি মানুষের মাঝে উৎসবের অনুভূতি তৈরি করেছে। এখানে সৌহার্দ্য, সম্প্রীতি আর আনন্দের মিলন ঘটে। আমি চাই- সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবকে বর্ণাঢ্য করে তুলুক। বিএনপি সবসময় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সবার কাছে উপস্থাপন করেন এবং আগামীদিনে সবাই একসঙ্গে সমাজ রাষ্ট্র উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১ অক্টোবর বুধবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ২৩ টি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি উক্ত কথা বলেন। এছাড়া পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় বক্তব্যে তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য দেশবাসীকে সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধ করেছে। দল মনে করে ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই আগামী দিনে আমরা সকল ধর্মের লোক মিলে একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবো। বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়। সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। এসময় তার সঙ্গে ছিলেন সারিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন ফন্ট এর আহবায়ক উত্তম কুমার সাহা, সদস্য সচিব প্রবীণ সরকারসহ উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তির্বগ।

শেয়ার: