উত্তরকোণ

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাবতলীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাবতলীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

বগুড়ার গাবতলীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার সকল ইউনিটের নেতৃবৃন্দদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এক সমাবেশ। যেখানে উপজেলার ১২টি ইউনিয়নে নেতাকর্মী রঙিন সাজে পৃথক পৃথক ব্যানারে যোগদান করে। গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকার হনন করেছিলো। ভোটচুরির মাধ্যমে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলো তারা। আজ ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারাদেশের কোটি কোটি মানুষ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। হেনা বলেন, দেশে নির্বাচন ঘিরে কিছু ষড়যন্ত্র শুরু হয়েছে। সাধারণ মানুষ যে পিআর পদ্ধতি সম্পর্কে জানেই না অথচ কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে প্রহসন শুরু করেছেন যা রুখে দিবে এদেশের সাধারণ জনগণ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন এবং সাহাদত হোসেন খান সাগর।
সমাবেশ শেষে বাদ্যযন্ত্রের তালে সুসজ্জিত একটি র‍্যালী বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে গাবতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলীতে এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীরা নানা স্লোগানের সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠেন। এর আগে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দলীয় পতাকা উত্তোলনসহ পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

শেয়ার: