উত্তরকোণ

নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিনিয়োগকৃত অর্থ অপচয় হয়। যার প্রভাবে প্রান্তিক পর্যায়ে অনেকে সুফল থেকে বঞ্চিত হন। এই কর্মকান্ড যেন দুর্নীতিমুক্ত থাকে। নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এই প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৫ আগস্ট সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বগুড়ায় নারী অধিকার, জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে নতুন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। লাইট হাউজ কনসোর্টিয়ামের উদ্যোগে লাইট হাউজ, সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-জয়পুরহাট, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা (এএমইউএস)-যশোর এবং সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন-সাতক্ষীরা অংশীদার হিসেবে কাজ করবে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও অধিকার আদায়ে তাদের সক্ষমতা বাড়ানো। পাশাপাশি, জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জলবায়ু ঝুঁকির মোকাবিলা এবং বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫, ১৩ ও ১৬ অর্জনে ভূমিকা রাখা এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইট হাউজের নির্বাহী প্রধান মোঃ হারুন অর রশীদ। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মুশফিকুর রহমান। বাংলাদেশ সিভিক এ্যাঙ্গেজমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ নাগরিকতা প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন।

শেয়ার: