শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী আল আমিন (৩৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। শনিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের দুই ছেলে বাশির আহমেদ (২৬) ও নাজির হোসেন (২৮)। র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, নিহত আল আমিন বগুড়া নিউ মার্কেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ২ আগস্ট মারা যান। ঘটনার পর শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। এরপর থেকেই পুলিশ ও র্যাব আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। অবশেষে ঘটনার ২২ দিন পর রাজধানীর গাবতলী এলাকা থেকে দুইজনকে আটক করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ব্যবসায়ী আল আমিন হত্যা মামলায় র্যাব-১২ এর সহায়তায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উত্তরকোণ
শাজাহানপুরে ব্যবসায়ী আল আমিন হত্যা মামলায় র্যাবের হাতে গ্রেফতার ২

