গোপনে তৎপর কিছু সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তি সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশ-বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করছে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায়। পাশাপাশি নির্বাচন পেছাতে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, কোনও শিক্ষিত ছাত্র কখনও অশ্লীল ভাষায় স্লোগান দিতে পারে না। যারা উসকানিমূলক ও নোংরা শব্দে স্লোগান দিয়ে পরিবেশ অশান্ত করতে চায়, তাদের রুখে দিতে হবে। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উত্তরকোণ
বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

