সকালের নরম রোদে শিশুরা রঙ্গিন ইউনিফর্মে উঁকি দিচ্ছিল নতুন স্বপ্নের দিকে। বিদ্যালয় প্রাঙ্গণে যেন এক আনন্দময় উচ্ছ্বাস। সবুজ মাঠজুড়ে মিষ্টি হাওয়া বয়ে চলেছে, আর সেই হাওয়ায় ভেসে আসছে কচি কণ্ঠের চাঞ্চল্য। তাদের চোখে মুখে একটাই প্রত্যাশা নতুন একাডেমিক ভবনের ছায়ায় তারা পাবে পড়াশোনার আরও অনুকূল পরিবেশ, পাবে স্বপ্ন বোনা একটি দৃঢ় ভিত্তি। বৃহস্পতিবার সকালে বগুড়া সদরের পালশা এলাকায় আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা পরিষদের অর্থায়ন ও বাস্তবায়নে নির্মিতব্য এই একাডেমিক ভবনটি শিশুদের জন্য হবে এক নতুন আলো জ্বালানোর মশাল। যেখানে তারা পড়বে, শিখবে এবং গড়বে নিজের ভবিষ্যৎ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি শিশুই জন্মগতভাবে প্রতিভাবান। এই প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষার পরিবেশ। সরকারের শিক্ষা খাতে বিপুল বিনিয়োগ এবং স্থানীয় উদ্যোগের সমন্বয়ে আজ বগুড়ার প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার আলো পৌঁছে যাচ্ছে। এই একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে এলাকার শিশুদের শিক্ষা গ্রহণে নতুন দিগন্তের সূচনা হবে। শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টি শিক্ষার মানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি। আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল আলাপকালে বলেন, আমার বাবা আলহাজ্ব আকবর আলী মিঞা ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষ। তিনি সবসময় বলতেন, সুশিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। আমরা তার স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখতে এবং এলাকার শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়টির জন্য এই জমি ক্রয় করে দিয়েছি। আমাদের এই প্রচেষ্টা যদি একটি শিশুরও জীবন আলোকিত করে, তাহলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আজকের এই একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শিশুদের স্বপ্ন পূরণের পথে এক নতুন দিগন্তের সূচনা বলে আমি মনে করি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহ নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: গোলাম কবির, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ মোহায়েদুল ইসলাম, আকবরিয়া লিমিটেডের ডিএমডি আরমান খোসাইন, ডিরেক্টর (এইচআর এডমিন) ইকবাল নুর, ডিরেক্টর (হোটেল) আশিক ইবনে হাসান, একাউন্টস কো-অর্ডিনেটর আবিদ হোসেন, হেড অব এডমিন আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার দাস সহ প্রমুখ।

