উত্তরকোণ

এনসিপিতে আওয়ামী লীগ পুনর্বাসন; প্রতিবাদে মানববন্ধন

এনসিপিতে আওয়ামী লীগ পুনর্বাসন; প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগরে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাসিরনগর উপজেলা শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার ৭ জুলাই দুপুর ১২টায় নাসিরনগর কলেজ মোড় ইমরান চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা।অনতিবিলম্বে এই কমিটি বাতিলের জোরালো দাবি তোলা হয় মানববন্ধন থেকে। জুলাই আন্দোলনে আহতরা বলেন, কেউ শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।মানববন্ধনে জুলাই ও আগস্টে আন্দোলনে আহত জুলাই যোদ্ধা তাহজিন ভূঁইয়া জানান, ‘গত বছরের ৫ জুলাই রাজধানীতে আন্দোলন করতে গিয়ে আমি আমার ডান হাতে গুলি গুলিবিদ্ধ হই এবং আমি যে আজ আপনাদের মধ্যে কথা বলতে পারব এটা ছিল আমার কাছে স্বপ্নের মত। আমরা লক্ষ্য করছি নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাসিরনগর উপজেলা শাখার নবগঠিত সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাদের পুর্নবাসন করা হয়েছে। আমরা এই সার্চ কমিটি অনতি বিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। পাশাপাশি নিহতদের ও আহত পরিবারের প্রতি আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। নিহতদের পিতা মাতারা তারা তাদের সন্তানদের হারিয়ে স্তব্ধ হয়ে গেছে তাই আমরা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষনারও দাবি জানাচ্ছি।’

জুলাই যোদ্ধা লুৎফুর রহমান বলেন, ‘গত ৫ জুলাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমার হাতে গুলি লাগে। শুধু আমি নই এই আন্দোলনে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ পুঙ্গুত্ব বরণ করছে কত লোক মারা গেছে তার সঠিক হিসাব এখনো আমাদের হাতে নেই। আর যারা মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে পুর্নবাসন করছে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেবোনা।’ আহত ইকরাম হোসেনের মা নাসিমা খাতুন বলেন, ১৮ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ আমার ছেলে ডান চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আন্দোলনের পর আমার ছেলের চিকিৎসার জন্য কোনো সহযোগিতা পাইনি। নাসিরনগর উপজেলার এনসিপির সার্চ কমিটির যুগ্ম সমন্বয়ক কাজী মমিনুল হাসান জানান, বিভিন্ন দল আওয়ামীলীগকে পুনর্বাসন করছে। তা মেনে নিতে পারছি না। জুলাই যোদ্ধারা যারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করে তাদের বিচারও এই বাংলার মাটিতে করতে হবে, তাদেরকে অবশ্যই প্রতিহত করবে জনতা। এ সরকার জুলাই ঘোষণাপত্রের জন্য এক মাস সময় নিয়েছিল। এই সরকার যদি জনআকাঙ্খা থেকে বিচ্ছিন্ন কোন কাজ করে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে ইনশাল্লাহ।

শেয়ার: