উত্তরকোণ

বগুড়া পৌরসভার উন্নয়নে ৪০২ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া পৌরসভার উন্নয়নে ৪০২ কোটি টাকার বাজেট ঘোষণা

দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে বগুড়া পৌরসভার সভাকক্ষে ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মাসুম আলী বেগ। ধারণা করা হচ্ছে, এটি বগুড়া পৌরসভার সর্বশেষ বাজেট। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নতিকরণে ইতিমধ্যে সকল প্রক্রিয়া এগিয়ে চলছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম, পৌর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ, গণমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী, সাধারণ নাগরিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাজেটে এবার পৌর উন্নয়নে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মাসুম আলী বেগ। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। মাসুম আলী বেগ জানান, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদান স্মরণীয় করে রাখতে পৌর এডওয়ার্ড পার্কে নির্মিত স্বাধীনতা চত্ত্বর আগামী অর্থবছরে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং ২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে বগুড়া পৌর এলাকায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রাস্তা কিংবা চত্ত্বরের নামকরণসহ শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। আগামী অর্থবছরে বগুড়া পৌরসভার অবকাঠামো উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ৩৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে শহরের উন্মুক্ত ড্রেনসমূহের উপরে স্লাব নির্মাণসহ জনসাধরনের পায়ে চলার সুবিধার্থে ফুটপাত নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। আগামী অর্থবছরে শিক্ষার্থী ছাউনী নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা হিসাবে অনুদান প্রদানের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাবলিক টয়লেট নির্মাণ শহরের কেন্দ্রস্থল সাতমাথায় একটি আধুনিক টয়লেট নির্মাণসহ শহরের জনবহুল স্থানে উন্নতমানের পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জনসাধারণের বিনোদনের জন্য পৌরসভার ঐতিহ্যবাহী পৌর এডওয়ার্ড পার্কটি কোভিড-১৯ প্রকল্পের আওতায় আধুনিকায়নের কাজ চলছে। আগামী অর্থবছরে পার্কটির আধুনিকায়ন ও সৌন্দর্য্য বর্ধন সমাপ্ত হবে। এছাড়াও নিজস্ব তহবিল দ্বারা সংস্কারসহ শিববাটি শিশু পার্ক, কাটনারপাড়া শিশু পার্ক, মালতীনগর শিশু পার্ক, চকসূত্রাপুর শিশু পার্ক ও চেলোপাড়া শিশু পার্কগুলি আধুনিকায়নের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শহরের সাতমাথা সংলগ্ন পৌর সপ্তপদী মার্কেটটি আরইউটিডিপি প্রকল্পের আওতায় বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ করা হবে। পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ২১ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও ডিপিএইচই এর অধীনে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থার কাজ শুরু হবে। জলবায়ু প্রকল্পের মাধ্যমে আগামী অর্থবছরে ৩ কোটি টাকার সোলার লাইট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। প্রায় ৭০ বর্গকিলোমিটার আয়তন ও ১০ লাখের অধিক জনসংখ্যার এই পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জিং কাজ। একটি পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী বছরে বর্জ্য ব্যবস্থাপনা পিপিপি এর মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আরইউটিডিপি প্রকল্পের আওতায় আগামী অর্থবছরে ২০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রস্তাব রাখা হয়েছে। শহরের সৌন্দর্য্য বর্ধনের জন্য বৃক্ষরোপণের সব মিলিয়ে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৪০২ কোটি ৪ লক্ষ ১৭ হাজার ৬৬৪ টাকা। এদিকে বৃহৎ বাজেট ঘোষণা হওয়ায় নাগরিক সুবিধা বাড়বে বলে ধারণা করছেন পৌরবাসীরা।

শেয়ার: