উত্তরকোণ

নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর স্বৈরচার সরকার জুলুম চালিয়েছে-সাবেক এমপি লালু

নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর স্বৈরচার সরকার জুলুম চালিয়েছে-সাবেক এমপি লালু

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গত ১৬ বছর স্বৈরচার সরকার নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম চালিয়েছে। ১৯৭৫ সালের ১৬ জুন দেশের তৎকালীন শাসকগোষ্ঠী বাকশাল কায়েম করতে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীনরা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে বহুদলীয় গণতন্ত্রের পথচলাকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে। পরবর্তীকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। তিনি বলেন, শেখ হাসিনাও একই পথ ধরে একদলীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল নতুন আঙ্গিকে। নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম চালিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো একের পর এক ‘ড্রাকোনিয়ান আইন’ প্রণয়ন করে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভয়াল দূর্গে বন্দী করা হয়েছিল। আমরা বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান। গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ১৬ই জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়া’র সম্পাদক রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথার সম্পাদক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমূখ। এর আগে বগুড়া প্রেসক্লাবের ব্যানারে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার: