উত্তরকোণ

আদমদীঘিতে কাঁচা মরিচে লোকসান

আদমদীঘিতে কাঁচা মরিচে লোকসান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে আলু আবাদে কৃষকদের ব্যাপক হারে লোকসানের রেশ কাটতে না কাটতে কাঁচা মরিচে ব্যাপক হারে ধস নেমেছে। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের পাইকারি মূল্য ১৫ টাকা। এতে করে মরিচ চাষের খরচ না ওঠায় মাথায় হাত পড়েছে কৃষকদের। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, কৃষকরা ধানের আবাদের পর তাদের জমিতে লাভজনক ফসল হিসাবে আলু ও কাঁচা মরিচ চাষ করে অর্থনীতিতে সফলতা অর্জন করে থাকে। কিন্তু চলতি বছর অনাকাঙ্খিত ভাবে আলুর ব্যাপক হারে দরপতনে কৃষকরা দিশেহারা হয়ে পড়ে। এবার প্রতি বিঘা জমিতে কৃষকদের ৫ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। এ লোকসান পুষিয়ে নিতে কৃষকরা কাঁচা মরিচ চাষে ঝুঁকে পড়ে। বুক ভরা আশা নিয়ে গ্রামাঞ্চলে প্রায়ই কৃষকরা মরিচ চাষ করে এবার। কিন্তু বিধি বাম! কাঁচা মরিচ বাজারে তুলতেই আবারও তারা ধাক্কা খায়। কাঁচা মরিচ চাষে উৎপাদন খরচ বিক্রি করে অর্ধেক খরচ তুলতে পারছে না কৃষকরা। উপজেলার পাইকপাড়া গ্রামের মরিচ চাষী ফজলুল হক জানান, কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়া খুবই জরুরী। নতুবা কৃষকদের আলুর মত কাঁচা মরিচের মত লোকসানে অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে যাবে। আগামীতে চাষীরা আর এসব কাঁচা মরিচের আবাদ করবে না। একই গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, বর্তমান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলে কৃষকদের উৎপাদন খরচ তুলেও কিছুটা লাভ থাকবে। কিন্তু এবার সম্পূর্ণ লোকসানে কাঁচা মরিচ বিক্রি করতে হচ্ছে। এতে কৃষকদের সর্বনাশ হচ্ছে। আদমদীঘি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী সোহেল রানা ও আব্দুর রউফ জানায়, চলতি মৌসুমে কাঁচা মরিচ প্রচুর উৎপাদন হওয়ার কারণে মোকামে আমদানি বেশি তাই মরিচের দাম কম।

শেয়ার: