জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা অংশ নিয়েছে, সেই রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। তবে এই ঐক্য শুধু কোনো নির্দিষ্ট দল বা জোটের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ঐক্য প্রয়োজন।’সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক তিনি এসব কথা বলেন। দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে এনসিপি নেতাদেরা সচিবালয়ে আসেন এনসিপির চার নেতা। বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন। নাহিদ ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বও বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।’তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেয়া এবং ভারতের সাথে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।’নাহিদ ইসলাম বলেন, ‘যেকোনো ধরনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে অ্যাজেন্ডাভুক্ত করার আহ্বান জানিয়েছি। সংবিধান সংশোধন কমিটি সংস্কার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই এই কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছি।’তিনি বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। এ কারণে সংস্কার অত্যন্ত জরুরি।’নাহিদ ইসলাম বলেন, ‘শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো ভবিষ্যতেও মোকাবিলা করতে হবে। এ জন্য দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন। পাশাপাশি আধিপত্যবাদ মোকাবিলায় একটি যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে, যাতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে।’তিনি বলেন, ‘সরকারে যারা আছেন, বর্তমান পরিস্থিতির জন্য তাদের দায়িত্ব বেশি। তাদেরও কিছু ভুলত্রুটি ছিল। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান ও সুপারিশ জানিয়েছি। এই লড়াই কোনো দলীয় লড়াই নয়, এটি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার লড়াই।’
উত্তরকোণ
সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েই জাতীয় ঐক্য হতে হবে-নাহিদ ইসলাম

