স্টাফ রিপোর্টার ঃ বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রজাবন্ধু মৌলভী রজিব উদ্দিন তরফদার-এর নাতি জাকের পার্টি বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজু বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। শফিকুল ইসলাম সাজু মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম’আ শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর নামাজে জানাজা শেষে বগুড়ার মাজার নামাজগড় আঞ্জুমান গোরস্থানে দাফন করা হয়। শফিকুল ইসলাম সাজু প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মামা। জানাযায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. একেএম মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুরর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল বিন শফিক সনি, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার, বিশিষ্ট ব্যবসায়ী শোক রানা, বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালাম আজাদ, সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সভাপতি শিপার আল বখতিয়ার, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার সহ বিভিন্ন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। জানাযায় ইমামতি করেন মুফতি মাওলানা মনোয়ার হোসেন।

