দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির দেশে কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি চাটুকার, তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে-প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।’ আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উত্তর গেটের সামনে এক বিক্ষোভ মিছিল-পূর্বক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। রুহুল কবির রিজভী বলেন, ‘জাতিসঙ্ঘের বক্তব্যে সারা বিশ্বে মানুষের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ বক্তব্যের প্রশংসা করে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে জিনিসের দাম বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ থাকে না, কলকারখানা বন্ধ হয়ে যায়, মানুষ বেকার হয়। এটাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে।’তিনি বলেন, ‘মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, সামাজিক সুরক্ষার জন্য বিএনপি সরকার কাজ করছে। সমাবেশে ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্যসচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এতে ওলামা দলের বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উত্তরকোণ
গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো জায়গা নেই : রিজভী

