জাতীয় সংসদকে আরো কার্যকর করা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিষয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে মতবিনিময় করেছেন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ। সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ মতবিনিময় হয়। বৈঠকে সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণ, গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত সংলাপ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা। বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা ও সংসদে কার্যকর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে আইপিইউর প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া ও সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
বিরোধীদলীয় নেতার সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

