নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বন্যা ও ভূমিধসে শনিবার (২৯ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ৬৩৩ জনে দাঁড়িয়েছে এবং প্রায় তিন হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। নেপালের পুলিশ জানিয়েছে, শনিবার এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ হয়েছে। দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের ওপারে মোট নিখোঁজ মানুষের সংখ্যা দুই হাজার ৪২৬ জন। এদের মধ্যে ৫১৭ জন বিদেশী নাগরিক। নেপালে আকস্মিক বন্যার পর এখন পর্যন্ত ১৮৪ জন বিদেশী নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১১৪ জন ভারতীয় নাগরিক। নেপাল পর্যটন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দেয়া সর্বশেষ তথ্যে পর্যটন বোর্ড জানায়, আরো ৪২০ জন পর্যটকের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।নেপাল পর্যটন বোর্ড আরো জানিয়েছে, তারা বেলজিয়ামের একজন এবং স্পেনের দু’জনের সাথেও যোগাযোগ রাখছে। উদ্ধার হওয়া বিদেশীদের মধ্যে একজন বুলগেরিয়ার, ২৭ জন চীনের, চারজন জার্মানির, ১১৪ জন ভারতের, তিনজন ইতালির, চারজন মাল্টার, একজন ওমানের, একজন পর্তুগালের, দু’জন রাশিয়ার, ২০ দক্ষিণ কোরিয়ার, দু’জন সুইজারল্যান্ডের, দু’জন তুরস্কের এবং তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রের। এদিকে চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে সাতজন হয়েছে এবং ৫৫৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় হিমবাহ বন্যার আশঙ্কায় কিছু সময়ের বিরতির পর আবারো বন্যাকবলিত নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে উদ্ধার অভিযান শুরু করেছেন কর্মীরা। সূত্র : আল জাজিরা
উত্তরকোণ
নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩০০০

