নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নেপাল ও চীনের তিব্বত অঞ্চলজুড়ে প্রায় এক হাজার ৪০০ জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে নেপালের পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে সর্বশেষ আপডেটে পুলিশ জানিয়েছিল, বুধবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ২৮৯টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ আরো জানায়, নেপালে নিখোঁজ ৮২৩ জনের মধ্যে ৫০০ জনেরও বেশি বিদেশী নাগরিক রয়েছেন। নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, ‘এই সংখ্যা বাড়বে, কারণ আমরা পুনরায় তল্লাশি শুরু করেছি এবং আরো লাশ উদ্ধার হওয়ার আশঙ্কা রয়েছে।’এ ঘটনায় দুই ডজনেরও বেশি দেশের পর্যটক নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ২৮৮ জন ভারতের, ৬৩ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন যুক্তরাজ্যের এবং ২৫ জন কানাডার। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির তথ্যমতে, সীমান্তের ওপারে তিব্বতের গিয়িরং কাউন্টিতে ২৬০ বিদেশী নাগরিকসহ ৫৫৮ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রয়েছেন যেসব দেশের নাগরিক: নেপালে বুধবার (২৬ আগস্ট) হওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ১৬৫ জন নিহত হওয়ার পর শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, নিখোঁজদের মধ্যে কমপক্ষে ৩৪১ জন বিদেশী নাগরিক রয়েছেন। বিশ্বের অন্যতম উঁচু পর্বত মাউন্ট এভারেস্টসহ হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে নিজেদের সক্ষমতা যাচাই করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্বতারোহী ও পর্যটকেরা নেপালে আসেন।
নিখোঁজদের সর্বশেষ তথ্য : ভারত:
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, প্রতিবেশী ভারতের ১৪২ নাগরিক নিখোঁজ রয়েছেন। তারা তিনটি ভ্রমণ সংস্থার মাধ্যমে নেপালে গিয়েছিলেন। সংস্থাগুলো হলো—সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, লিফ হলিডে ও হিমালয়ান গ্লেসিয়ার।
ইউক্রেন: ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের ট্যুরিস্ট পুলিশ তাদের জানিয়েছে, ৫৩ জন ইউক্রেনীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে ৪৬ জন ইউক্রেনীয় পর্যটকের একটি দল রয়েছে। নেপালের কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ হারিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
অস্ট্রেলিয়া: প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিশ্চিত করেছেন, বন্যায় ৩৪ জন অস্ট্রেলীয় নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ‘আজ যারা তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন, তাদের সবার কথা আমরা ভাবছি।’
মালয়েশিয়া: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ভ্রমণ করা ১৭ জন মালয়েশীয় বন্যায় নিখোঁজ রয়েছেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাঠমান্ডুতে দেশটির দূতাবাস ভ্রমণ সংস্থাগুলোর কাছ থেকে খবর পেয়েছে। এতে বলা হয়েছে, রাসুয়া জেলায় অবস্থান করছেন বলে ধারণা করা ১১ জন মালয়েশীয় নাগরিকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।
যুক্তরাজ্য: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, আলপাইন ইকো ট্রেক সংস্থার সাথে থাকা ১২ জন ব্রিটিশ নাগরিকের সন্ধান পাওয়া যাচ্ছে না।
দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্যার পর রাসুয়া জেলায় পানিবিদ্যুৎ কেন্দ্রের নয়জন কর্মীর সাথে যোগাযোগ করা যাচ্ছে না।
জাপান: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, পাঁচজন জাপানি নাগরিক নিখোঁজ হওয়ার খবর নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি অমূল্য প্রাণ যেন রক্ষা পায়, সেই জন্য আমি আন্তরিকভাবে প্রার্থনা করছি।’
দক্ষিণ আফ্রিকা: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ব্রিটিশ নাগরিকদের মতো একই আলপাইন ইকো ট্রেক সংস্থার সাথে ভ্রমণ করা চারজন দক্ষিণ আফ্রিকান নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্র: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকা তিনজন মার্কিন নাগরিকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না।
পর্তুগাল: পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় দেশটির এক নারী ও এক পুরুষ নিখোঁজ হয়েছেন। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা প্রতি মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছি।’
নেদারল্যান্ডস: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকের সাথে একই সংস্থায় ভ্রমণ করা একজন ডাচ নাগরিকেরও সন্ধান পাওয়া যাচ্ছে না।
ইতালি: ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসের উজানে দেশটির দুই নাগরিক ও তাদের গাইড আটকা পড়েছেন। তবে তারা সহায়তা পাচ্ছেন। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে নেপাল ও তিব্বতে ৯০ জন ইতালীয় নাগরিক অবস্থান করছেন বলে তারা জানে। তবে তাদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কি-না, তা জানা যায়নি।
জাতীয়তা নিশ্চিত নয়: বেশ কয়েকটি ভ্রমণ সংস্থাও নিখোঁজ বিদেশীদের তথ্য জানিয়েছে। তবে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। এর মধ্যে ট্রেকার্স সোসাইটির ৭৭ জন, কৈলাশ জার্নির ২৬ জন এবং রিচা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আটজন রয়েছেন।
নেপাল: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশীদের পাশাপাশি দেশটির ৯৩ জন নাগরিকও নিখোঁজ রয়েছেন। সূত্র : আল জাজিরা, বিবিসি

