‘চলতি বছরের ডিসেম্বরে প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা। সেজন্য আগামী সেপ্টেম্বর মাসেই ভোটের তফসিল’ দিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, ‘২০২১ সালের জুনে ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, আইনিভাবে সেগুলোর নির্বাচন আগে দিতে হবে।’ আর রাষ্ট্রপতিও সার্বিক সহায়তা করার আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান। তিনি আরো জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা রাখা হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের দফতরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান সিইসি নাসির উদ্দীন। সকালে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই ব্রিফিং করেন। সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়কে আগামী বার্ষিক পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠানের অনুরোধ করবে ইসি; যাতে ডিসেম্বরে স্থানীয় নির্বাচন শুরু করা যায়।’তিনি বলেন, ‘প্রতিকূল আবহাওয়া এড়িয়ে এবং ভোটারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে শীতকালীন ড্রাই সিজনে নির্বাচন অনুষ্ঠানের ওপর বিশেষ জোর দেয়া হচ্ছে ‘তিনি আরো বলেন, ‘তফসিল ঘোষণা করলেই যে সব নির্বাচন চলতি বছরের মধ্যে শেষ হবে, তা নয়। কমিশনের পরিকল্পনা অনুযায়ী এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে। ভোটের একটি অংশ বছরের শেষ দিকে এবং প্রয়োজনে কিছু নির্বাচন পরবর্তী বছরের শুরুতেও গড়াতে পারে। কারণ দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, আবহাওয়া, রমজানসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে ভোটের সময় নির্ধারণ করতে হবে।’সিইসি বলেন, ‘জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন করতেও সম্পূর্ণভাবে প্রস্তুত ইসি। এই উপনির্বাচনে পোস্টাল ব্যালটেও ভোট হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী অক্টোবরে উপনির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।’তিনি বলেন, ‘ঠাকুরগাঁও-১ এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বসবে ইসি। এ জন্য নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহকে দায়িত্ব দেয়া হয়েছে।’
উত্তরকোণ
স্থানীয় সরকার নির্বাচন : প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোটগ্রহণ-প্রধান নির্বাচন কমিশনার

