উত্তরকোণ

১৩০০ উন্নয়ন প্রকল্প ‘গলার কাঁটা’, না গিলতে পারছি না ফেলতে পারছি: অর্থমন্ত্রী

১৩০০ উন্নয়ন প্রকল্প ‘গলার কাঁটা’, না গিলতে পারছি না ফেলতে পারছি: অর্থমন্ত্রী

ঢাকা; বিগত সময়ে নেওয়া ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীতে ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার ১৩০০ উন্নয়ন প্রকল্পের উত্তরাধিকার পেয়েছে, যা এখন বাস্তবায়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় চাপ তৈরি করেছে। তার ভাষায়, “না গিলতে পারছি, না ফেলতে পারছি। এসব প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।” তিনি জানান, এসব প্রকল্প পুনর্মূল্যায়ন করা হচ্ছে এবং কার্যকর ব্যবস্থাপনার জন্য ডিরেগুলেশনের পথে যাচ্ছে সরকার। পাশাপাশি সব প্রকল্প আরও কার্যকরভাবে মনিটর করার পরিকল্পনাও রয়েছে। সেমিনারে তিনি সৃজনশীল অর্থনীতির প্রসঙ্গ তুলে বলেন, গ্রামাঞ্চলের মৃৎশিল্প, শীতলপাটি ও অন্যান্য কারিগরি খাতকে আধুনিক বাজারের সঙ্গে যুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পণ্যের মূল্য বৃদ্ধি করে কারিগরদের আয় বাড়ানোর মাধ্যমে সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। লোকসংগীত, চলচ্চিত্র ও সংস্কৃতিকে অর্থনৈতিক খাতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিনোদন খাতকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে কাজ চলছে। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী স্থানগুলো সংস্কারের মাধ্যমে পর্যটন খাতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আরও দাবি করেন, আর্থিক খাতে বড় কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি, একজন ছাড়া কাউকেই তিনি চেনেন না। পাশাপাশি কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার: