উত্তরকোণ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দেওয়া হবে : রিজভী

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দেওয়া হবে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে বর্তমান সরকারের আমলে রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্রবিরোধী কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। আজ বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণ এসব অপচেষ্টা সম্পর্কে সচেতন এবং সরকারের পাশাপাশি দেশের গণতান্ত্রিক শক্তিগুলোও এ বিষয়ে সজাগ রয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে তিনি বলেন, তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য ও আচরণেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে ওঠে। জনগণ এখন এসব দ্বিমুখী রাজনীতি বুঝতে শিখেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর চলমান চীন সফরের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতে অংশীদারিত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হতে পারে।তিনি আরও বলেন, অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিয়ে সরকার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। এর ফলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশকে দীর্ঘদিনের পরনির্ভরশীলতা থেকে বের করে এনে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথ সুগম হবে।

শেয়ার: