উত্তরকোণ

অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘বাংলার জয়যাত্রা’

অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ চার মাসের অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ পাড়ি দেয়। বর্তমানে জাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন আটকে থাকার পর এখন জাহাজটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখতে পারবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য পরিবহন শেষে হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। এর প্রভাবেই ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত পারস্য উপসাগরে আটকে পড়ে জাহাজটি। পরবর্তীতে জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে বিএসসি নতুন সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনগামী যাত্রার জন্য সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়। তবে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত থাকায় জাহাজটি সেখানেই আটকে যায়। একাধিকবার যাত্রার প্রস্তুতি নেওয়া হলেও অনুমতি না পাওয়ায় জাহাজটি প্রণালি অতিক্রম করতে পারেনি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিপিং করপোরেশন সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করে। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে ৮ এপ্রিল রাস আল খায়ের বন্দর ত্যাগ করে জাহাজটি। কিন্তু ১০ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানের উপকূলরক্ষী বাহিনীর বাধার মুখে পড়ে। এরপর ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয় জাহাজটি। সবশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে ‘এমভি বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে।

শেয়ার: