দুই দিনের সরকারি সফরে আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, প্রতিনিধি পর্যায়ের আলোচনা ও যৌথ সংবাদ সম্মেলন ছাড়াও দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। খসড়া কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-৩৮৬) কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া ভিভিআইপি কমপ্লেক্সে পৌঁছানোর পর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। সফরকালে তিনি কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে অবস্থান করবেন।সফরের দ্বিতীয় দিন আগামী সোমবার (২২ জুন) পুত্রাজায়ার পারদানা পুত্রায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গার্ড অব অনার পরিদর্শনের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে সংক্ষিপ্ত পরিসরে বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
উত্তরকোণ
দুই দিনের সরকারি সফরে আগামীকাল রোববার মালয়েশিয়ার যাচ্ছেন প্রধানমন্ত্রী

