উত্তরকোণ

প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ উল্লেখ করে এ বিষয়ে জোরালো প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে ‘নন-লিথাল’ বা অমরণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট) ৯ম দিনে কয়েকজন সংসদ সদস্যের তারকাচিহ্নিত ও লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন সরকারি দলের মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’তিনি জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বাংলাদেশ সরকার সীমান্তে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএসএফের গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক চুক্তি না হলেও প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে।’ তিনি আরো জানান, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক ও কৌশলগত চাপের মুখে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে ‘নন-লিথাল’ বা অমরণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।’

শেয়ার: