উত্তরকোণ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। এ সময় বেনজীরের কাছে পর্তুগালসহ একাধিক দেশের পাসপোর্ট পাওয়া গেছে। এ ছাড়া তার কাছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতিপত্র আছে।  কীভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি সেই বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের একাধিক কর্মকর্তা। তারা জানিয়েছেন, বেনজীর লন্ডন থেকে দুবাইয়ে এসেছিলেন। সেখানে বিমানযোগে আসার পর ট্রানজিট নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় তার অবস্থান ধরা পড়ে বিমানবন্দরের এআই ক্যামেরায়। ক্যামেরায় শনাক্ত হওয়ার পরপরই তার ব্যাপারে ক্যামেরা তথ্য পাঠায় বিমানবন্দর সংশ্লিষ্টদের কম্পিউটারে। তখন সেই বার্তা চলে যায় দুবাই এয়ারপোর্ট পুলিশের কাছে। দ্রুত তারা তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করেন। তাকে ধরার পর দেশটিতে পাসপোর্ট জালিয়াতি করে প্রবেশ করার দায়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা গেছে, বেনজীরের বিরুদ্ধে দুদক অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে একাধিক মামলা দায়ের করেছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের জন্য দুদক আন্তর্জাতিক পর্যায়ের সহায়তা চেয়েছিল। গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইল পাঠানো হয় বাংলাদেশ সরকারকে। সেই মেইলে তারা তাকে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তিনি বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আছেন। পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ওই কর্মকর্তা জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দু’দেশের ইন্টারপোলের মাধ্যম তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে। এর আগে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো: জাকির হোসেন এ আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে পৃথক চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেয়ার: