উত্তরকোণ

মোকামতলায় তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শনে জামায়াতের সাবেক এমপি

মোকামতলায় তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শনে জামায়াতের সাবেক এমপি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় রাতের আধারে তিনটি মন্দিরে থাকা তিনটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাতের কোনো এক সময় কানছগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, কানছগাড়ি শিতলী মন্দির ও কালীমন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই তিন মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনার পর রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া-২ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে নবগঠিত মোকামতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, দেউলী ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, “ধর্মীয় উপাসনালয়ে হামলা ও প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।”

শেয়ার: