উত্তরকোণ

নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন , অধিবেশন শেষ হবে ৯ জুলাই

নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন , অধিবেশন শেষ হবে ৯ জুলাই

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী ৯ জুলাই এই অধিবেশন শেষ হবে । গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন। আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। মূলত, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতিকে বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।  এদিকে, দুই বেলা সংসদ অধিবেশন চালানোর প্রস্তাবসহ ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যাদি নিষ্পন্নের সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ জুলাই এই অধিবেশন শেষ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে সংসদ অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে। রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান অংশগ্রহণ করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে বাজেট আলোচনার সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন প্রতিদিন দুই বেলা করে বৈঠক অনুষ্ঠিত হওয়ার একটি প্রস্তাব করা হয়েছে। বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। চলতি অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যায় (বিধি-১৩১) ২৯৩টি নোটিশ জমা পড়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বিরোধীদল থেকে অংশ নেন উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। এছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে যোগ দেন। বৈঠকে সাচিবিক সহায়তা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যা পরে সংশোধিত হয়ে সাত লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে। সে সময় উন্নয়ন খরচ কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছিল। সেই হিসাবে বিএনপি সরকারের আসন্ন বাজেট চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ বড় হতে যাচ্ছে। অতীতে সাধারণত বাজেটের আকার ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ানো হতো।

শেয়ার: