শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার (৭জুন) সকাল ১১টার দিকে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় শতাধিক সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে রেখে বিক্ষোভ শুরু করেন চালকরা। এ সময় তারা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে থানা পুলিশের মধ্যস্থতায় আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে অবরোধ প্রত্যাহার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে চালকরা অভিযোগ করেন, বগুড়া থেকে নন্দীগ্রাম ও নাটোরের সিংড়া পর্যন্ত চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়। তাদের দাবি, প্রতিদিন এ সড়কে চলাচলকারী প্রায় ৭০০ থেকে ৮০০ সিএনজির চালকের কাছ থেকে মাসিক ৮০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। পুলিশের নিয়োগ করা কিছু ব্যক্তি এ অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তারা। বিক্ষোভকারী চালকদের ভাষ্য, নির্ধারিত চাঁদা না দিলে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, অটোরিকশা জব্দ, মামলা দেওয়া এবং বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দেওয়া হয়। এসবের প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধে নামেন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় দেড় হাজার যানবাহন আটকা পড়ে। এতে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়। দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করেন। প্রায় দুই ঘণ্টা পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে চালকরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন। তিনি বলেন, “সিএনজিচালিত অটোরিকশা থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়ার কোনো সত্যতা নেই। কোনো পুলিশ সদস্য এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সম্প্রতি মহাসড়কে চলাচলকারী একটি সিএনজির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কিছু চালক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেন।
উত্তরকোণ
হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা বন্ধ যান চলাচল

