উত্তরকোণ

সারিয়াকান্দিতে আমানতের ‘৫ কোটি টাকা’ নিয়ে উধাও সমিতির মালিক,ফেরত চেয়ে গ্রাহকদের মানববন্ধন

সারিয়াকান্দিতে আমানতের ‘৫ কোটি টাকা’ নিয়ে উধাও সমিতির মালিক,ফেরত চেয়ে গ্রাহকদের মানববন্ধন

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ৫ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে সূর্যের আলো সমবায় সমিতির মালিক ফরিদ উদ্দিন মিলিটারি ও সোহেল রানার বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার,অভিযুক্তদের গ্রেপ্তার এবং টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলা কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজার এলাকায় মানববন্ধন করেন ভুক্তভোগীরা। সঞ্চয় ও ডিপিএসের নামে এনজিওটি ওই টাকা নেয় বলে জানিয়েছেন গ্রাহকেরা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন,সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের কাশাহাটা এলাকার ফরিদ উদ্দিন মিলিটারি ও সোহেল রানা ‘সূর্যের আলো সমবায় সমিতি লিমিটেড’ (রেজি. নম্বর-১৮৮/১৭১০) নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। কড়িতলা বাজার এলাকায় সাইনবোর্ড টাঙিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালানো হতো। লভ্যাংশ পাওয়ার আশায় আশপাশের এলাকার লোকজন ওই সমিতিতে টাকা জমা রাখেন। কিন্তু হঠাৎ সমিতির কার্যালয় তালাবদ্ধ করে আমানতকারীদের টাকা নিয়ে প্রতিষ্ঠানের মালিক আত্মগোপনে চলে যান। তাঁরা মুঠোফোনে প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না। এ অবস্থায় প্রতিষ্ঠানটির দুইশতাধিক গ্রাহক তাঁদের প্রায় পাঁচ কোটি টাকা ফেরত পাচ্ছেন না।  ভুক্তভোগী ফেরদৌস বলেন, ‘আমার জমা দেওয়া সাত লাখ টাকা প্রতারক ফরিদ উদ্দিন মিলিটারি ও সোহেল রানা পালিয়েছে। ফোন বন্ধ,অফিসেও তালা। তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার টাকা কীভাবে ফিরে পাব, সেই চিন্তায় দিশেহারা হয়ে গেছি।’ জুলেখা বলেন,আমি গার্মেন্টসে চাকরি করি, মেয়ে বিয়ে দেওয়ার জন্য কষ্ট করে ৭০ হাজার টাকা জমা রেখেছিলাম। আমি আমার টাকা ফেরত চাই।  নান্নুর স্ত্রী ফাতেমা বলেন, আমার বাড়ির জায়গা নেই। জায়গা কিনার জন্য ২ লাখ জমা রেখেছিলাম। এখন টাকা ফেরতের সময় আর মালিক পাচ্ছি না। মানববন্ধনে ভুক্তভোগী পিয়ারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি একজন বিধবা। আমার কোনো ছেলেমেয়ে নেই। হায়াত-মউতের কথা বলা যায় না। আমি মরার পর এলাকাবাসী আমার টাকা দিয়ে আমার জন্য কাপনের কাপড় কিনে তাই টাকাগুলো কষ্ট করে জমা রেখেছিলাম। বাবা আমার টাকা ফেরত এনে দাও।  মমতা ও রাবেয়া দুইজন মিলে আড়াই লক্ষ টাকা ফিক্সড করে রেখেছিলেন। সমিতির অফিস বন্ধ, মোবাইল বন্ধ। আমি আমার টাকা ফেরত চাই ও সমিতির মালিক ফরিদ উদ্দিন মিলিটারি ও সোহেল রানার শাস্তি চাই। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি।’ এদিকে কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজারে সমিতির অফিসে গিয়ে তালাবদ্ধ পাওয়া গেছে। মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত ফরিদ উদ্দিন মিলিটারি ও সোহেল রানার ফোন বন্ধ পাওয়া গেছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার: