দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সর্বজনীন মঙ্গল কামনায় দুপচাঁচিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। ৩জুন মঙ্গলবার উপজেলার কুন্ডুপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও লোকনাথ মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ পূজার্চনা, নামসংকীর্তন, বিশ্বশান্তির প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক কমিটির সভাপতি তপন কুন্ডু ও সাধারণ সম্পাদক পলাশ মহন্ত জানান, বাবা লোকনাথের মানবসেবা, অহিংসা, সত্যনিষ্ঠা ও ঈশ্বরভক্তির আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, তিনদিনব্যাপী এ ধর্মীয় উৎসবের শেষ দিনে ৪জুন বৃহস্পতিবার মহাপ্রভুর ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং সমাপনী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
উত্তরকোণ
দুপচাঁচিয়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টকালীন লীলা কীর্তন

