শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় আধুনিক বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেল ৫টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের রাজনীতিতে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আজও আমাদের পথ দেখায় এবং অনুপ্রেরণা জোগায়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ও শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুঁটি, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন এবং ছাত্রদলের আহ্বায়ক আরমান হোসেন। আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে মুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উত্তরকোণ
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে বিএনপির আলোচনা সভা

