উত্তরকোণ

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ছিলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘আজ শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। প্রতিবারের মতো এবারও চেষ্টা করছি দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য বা সহযোগিতা করে দিনটিকে স্মরণীয় রাখতে, যেহেতু আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন। দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানে, যে অবস্থায় থাকুন না কেন, সেখান থেকেই যদি কাউকে সহযোগিতা করেন তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।  প্রধানমন্ত্রী বলেন, যেহেতু আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, দেখুন কত গাড়ি চলে সমস্যা হয়ে যাচ্ছে। মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য আমরা প্রোগ্রামটি একটু সংক্ষিপ্ত করেছি। তিনি বলেন, আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তারেক রহমান বলেন, আজকে আর কথা বলব না। কারণ অনুষ্ঠানটির কারণে মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। ইনশা আল্লাহ সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেকদিন সভা সমাবেশ করব। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী।

শেয়ার: