শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গত রবিবার (২৪ মে) বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে একটি দারুচিনি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং পুলিশ সদস্যদের জনগণবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, এবং রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট দ্বীন মোহাম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ শহীদ আবু সরোয়ার, বগুড়া জেলার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে আইজিপি থানা প্রাঙ্গণে একটি দারুচিনি গাছের চারা রোপণ করেন।
উত্তরকোণ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ -আইজিপি মোঃ আলী হোসেন ফকির

