শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহিদুল হাওলাদার (২৯), তিনি বাগেরহাট জেলার ভজনখালী গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে এবং মোহাম্মদ আলী মোল্লা (৭৩), তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মাহাতাব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে দক্ষিণাঞ্চলগামী তামাকবোঝাই একটি ট্রাক এবং কুষ্টিয়া থেকে উত্তরাঞ্চলগামী পেঁয়াজবোঝাই আরেকটি ট্রাক গোহাইল ইউনিয়নের শালিখা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তামাকবাহী ট্রাকের চালক শহিদুল হাওলাদার ও পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একইসঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে কুন্দার হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রাকচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উত্তরকোণ
শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

